
এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের জন্য ব্যক্তিগত পদক জেতা উশুকা জিন্নাত আক্তার দেশে ফিরলে তাকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টা ৩০ মিনিটে জাপানের আইচি-নাগোয়া থেকে টিজি-৩৩৯ ফ্লাইটে ঢাকায় পৌঁছান তিনি। বিমানবন্দরে বিওএর পক্ষ থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানানো হয়।
আইচি-নাগোয়া এশিয়ান গেমসে নারীদের ৫২ কেজি উশু সান্দা ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন জিন্নাত। সেমিফাইনালে চীনের উ দিয়ের কাছে হেরে গেলেও আগেই পদক নিশ্চিত করেছিলেন তিনি। তার এই সাফল্যের মধ্য দিয়ে ১৯৮৬ সালের পর প্রথমবার এশিয়ান গেমসে ব্যক্তিগত পদক পেল বাংলাদেশ।
বিমানবন্দরে জিন্নাতকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ উল্লাহ, জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) মোহাম্মদ জাহেদ পারভেজ চৌধুরী, বিওএর নির্বাহী কমিটির সদস্য রাসেল কবির সুমনসহ বাংলাদেশ উশু ফেডারেশনের কর্মকর্তারা।
জিন্নাত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য। এশিয়ান গেমসে পদক জয়ের পর তিনি সারা বছর নিবিড় অনুশীলনের জন্য নিজস্ব প্রশিক্ষণ ভেন্যু এবং বিদেশি কোচের প্রয়োজনীয়তার কথা জানিয়েছিলেন। তার মতে, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে বাংলাদেশে উশু আরও এগিয়ে যেতে পারে।
জিন্নাতের এই অর্জন এশিয়ান গেমসে বাংলাদেশের দীর্ঘ ৪০ বছরের ব্যক্তিগত পদকের অপেক্ষার অবসান ঘটিয়েছে। ১৯৮৬ সালের সিউল এশিয়ান গেমসে বক্সার মোশাররফ হোসেন ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশের হয়ে প্রথম পদক জিতেছিলেন।