
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের ষড়যন্ত্রের মূল লক্ষ্য ছিল বাংলাদেশ ও বিএনপি। জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী এবং দেশপ্রেমিক রাজনৈতিক দল হওয়ায় বিএনপিকে সরিয়ে বাংলাদেশকে অন্যের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রে পরিণত করার পরিকল্পনা করা হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির উদ্যোগে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
‘বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম’
আবদুল মঈন খান বলেন, বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম। ওয়ান-ইলেভেনের সময় বিএনপিকে ক্ষমতা ও রাজনীতি থেকে সরিয়ে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধীন করার পরিকল্পনা করা হয়েছিল। ওই ষড়যন্ত্রের পরিণতিতে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর বিদেশে নির্বাসিত থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
মন্ত্রী বলেন, সেই অন্যায়ের বিচার আজ হয়েছে।
গত ১৭ বছরে বাংলাদেশ যেভাবে ধ্বংস হয়েছে, সেই পরিস্থিতি থেকে দেশকে নতুন রূপে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে যাচ্ছেন বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। তবে দল ন্যায়বিচার চায়। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে দেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচন নিয়েও সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। বলেন, সিটি করপোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত প্রতিটি পর্যায়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি নিয়ে বাংলাদেশের মানুষের কাছে তারা অঙ্গীকারবদ্ধ।
‘বিএনপির ইতিহাস সামনে চলার ইতিহাস’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কখনো পেছনে ফিরে তাকাননি উল্লেখ করে মঈন খান বলেন, বিএনপির ইতিহাস সামনে এগিয়ে যাওয়ার ইতিহাস। অন্যদিকে আওয়ামী লীগের ইতিহাস পেছনের দিকে চলার ইতিহাস।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া হবে। নির্বাচনের আগে প্রধানমন্ত্রী যেসব প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেগুলো এখন একে একে বাস্তবায়ন করা হচ্ছে।
ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমও সরকার বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানান তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনায় যারা ছিলেন
জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বনির্ভরবিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ ও খবিরুল ইসলাম বাবুল।
এ ছাড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।