
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হতে পারে। এ জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের দিনক্ষণ নির্ধারণ করা হবে তাঁর সফরসূচি বিবেচনায় নিয়ে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার বিষয়ে আয়োজিত এক সভার শুরুতে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মন্ত্রী জানান, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহে উদ্বোধনী আয়োজনের জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২৬ অক্টোবর জাপান সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৯ অক্টোবর তাঁর দেশে ফেরার কথা রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর সুবিধাজনক সময় বিবেচনা করে বিমানবন্দর উদ্বোধনের তারিখ চূড়ান্ত করা হবে।
আন্তর্জাতিক ফ্লাইটের গন্তব্য নির্ধারণে আলোচনা
কক্সবাজার থেকে কোন কোন বিমান সংস্থা আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা করবে, তা সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে ঠিক করা হবে বলে জানিয়েছেন বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী।
এ বিষয়ে আয়োজিত সভায় বিভিন্ন দেশের বিমান সংস্থার কান্ট্রি হেডরা উপস্থিত রয়েছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে প্রাথমিকভাবে সম্ভাব্য আন্তর্জাতিক গন্তব্যগুলো চিহ্নিত করা হবে বলে জানান তিনি।
কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিক কার্যক্রম শুরু করলে সেখান থেকে সরাসরি বিদেশে যাতায়াতের নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে কোন কোন রুটে ফ্লাইট চলবে এবং কোন বিমান সংস্থাগুলো সেবা দেবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি।