
বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় বিএনপি ও দলটির শীর্ষ নেতা তারেক রহমান-কে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ে।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক আনুষ্ঠানিক বার্তায় তিনি এ শুভেচ্ছা জানান।
শার্লি বোচওয়ে তার বার্তায় বাংলাদেশের জনগণকে একটি সফল ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সাধুবাদ জানান। তিনি বলেন, শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া এবং গণভোটে অবদান রাখা সব নাগরিক ও প্রতিষ্ঠান প্রশংসার দাবিদার। বাংলাদেশ ও এর গণতন্ত্রকে শক্তিশালী করতে এবং পরবর্তী ধাপে সমর্থন জোগাতে কমনওয়েলথের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে জনগণের ভোটাধিকার প্রয়োগকে তিনি অত্যন্ত ইতিবাচক হিসেবে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের সর্বশেষ ফলাফল অনুযায়ী, ২৯৯টি আসনের মধ্যে ২৯৭টির ফল ঘোষণা করা হয়েছে। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এককভাবে ২০৯টি আসনে জয়লাভ করে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির মিত্র শরিক দলগুলো আরও তিনটি আসনে জয়ী হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামী এককভাবে ৬৮টি আসনে জয় পেয়েছে। জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যান্য শরিকরা আরও ৯টি আসনে বিজয় অর্জন করেছে।
সব মিলিয়ে এবারের সংসদ একটি বৈচিত্র্যময় ও প্রতিনিধিত্বশীল রূপ পাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।