
রাজধানীর কল্যাণপুরে দুটি স্থানে ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে দারুস সালাম থানাধীন এলাকায় এসব বিস্ফোরণ ঘটে। তবে এতে কেউ হতাহত হননি। এ ঘটনায় জাহাঙ্গীর (৪০) নামে আদাবর থানা যুবদলের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয়রা।
পুলিশ জানায়, কল্যাণপুরের সাফা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনের সড়ক এবং খাজা মার্কেটের সামনের ওভারব্রিজের গোড়ায় ককটেল বিস্ফোরণ ঘটে। কয়েকটি মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা দুই স্থানে ককটেল ছুড়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সন্দেহভাজন হিসেবে জাহাঙ্গীরকে আটক করেন স্থানীয়রা।
দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল জানান, কয়েকটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা দুই জায়গায় প্রায় ১০টি পটকা ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা জাহাঙ্গীর নামে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। তিনি আদাবর থানা যুবদলের কর্মী। এ ঘটনায় মামলা হয়েছে। বিস্ফোরণের সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ আরও জানায়, এসব বিস্ফোরণে কেউ হতাহত হননি এবং কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি। বর্তমানে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।