
ঋণের কিস্তি পরিশোধ করতে না পারার জেরে পটুয়াখালীর কলাপাড়ায় চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে মারধরের অভিযোগ উঠেছে বেসরকারি এনজিও কোডেকের কর্মীদের বিরুদ্ধে। আহত ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার ধানখালী ইউনিয়নের গন্ডামারী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
ভুক্তভোগী খাইরুন বেগম (৩৫) জানান, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে তার স্বামী নজির মোল্লা কুয়েতে পাড়ি জমান। তবে বিদেশে চলমান যুদ্ধ পরিস্থিতি ও নানা সমস্যার কারণে তিনি নিয়মিত টাকা পাঠাতে না পারায় কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি।
খাইরুন বেগমের অভিযোগ, শনিবার দুপুরে কিস্তির টাকা আদায়ে ধানখালী কোডেক শাখার ম্যানেজার মনিরসহ দুই নারী কর্মী তাদের বাড়িতে আসেন। ঘরে টাকা না থাকায় কিস্তি দিতে না পারলে তারা তার ওপর চড়াও হন। তিনি বলেন, চুল ধরে টানা-হেঁচড়া, কিল-ঘুষি এবং তলপেটে লাথি মারার ফলে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন।
স্থানীয় সংরক্ষিত নারী ইউপি সদস্য মালা বেগম গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। অন্তঃসত্ত্বা একজন নারীকে এভাবে মারধর কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
কলাপাড়া হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. ববি মালকার জানান, গৃহবধূর তলপেটে আঘাতের চিহ্ন রয়েছে। আলট্রাসনোগ্রামে ভ্রূণ সুস্থ থাকলেও সম্ভাব্য ঝুঁকি এড়াতে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন কোডেকের ধানখালী শাখার ম্যানেজার মনির। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি। এগুলো সব চক্রান্ত করা হচ্ছে আমাদের বিরুদ্ধে।
এ বিষয়ে কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।