
কুষ্টিয়া জেলা কারাগারে বন্দি অবস্থায় বিদ্যুৎ আলী (২৭) নামে মাদক মামলার এক হাজতির মৃত্যু হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) কারা কর্তৃপক্ষের দাবি, ভোরে তিনি আত্মহত্যা করেন।
নিহত বিদ্যুৎ আলী কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিরমপুর ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের বাসিন্দা এবং চাঁদ্দু আলীর ছেলে।
কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার শরিফুল আলম জানান, মাদক মামলায় বিচারাধীন আসামি হিসেবে প্রায় দুই মাস আগে বিদ্যুৎ আলী কারাগারে আসেন। তার মানসিক সমস্যার কারণে তাকে জেলা কারাগারের হাসপাতাল ইউনিটে ভর্তি রাখা হয়েছিল। প্রাথমিকভাবে জানা গেছে, শনিবার ভোরে কারাগার হাসপাতালের বাথরুমের জানালার গ্রিলে নিজের গামছা পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. হোসেন ইমাম বলেন, ‘হাসপাতালে নেওয়ার আগেই বিদ্যুৎ নামের এক হাজতির মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ মর্গে আছে। কিছু সময়ের মধ্যে তার ময়নাতদন্ত করা হবে। কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরেছি তার মানসিক সমস্যা ছিল। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’