
কুড়িগ্রামের চরাঞ্চলে বন্যার ঝুঁকি মোকাবিলা সহ বিভিন্ন দূর্যোগ ও সমস্যা নিয়ে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদার এবং স্বেচ্ছাসেবীদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশিপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। ‘বাংলাদেশের উত্তরাঞ্চলের চর এলাকায় বন্যা-বিষয়ক স্বেচ্ছাসেবী দল গঠন ও তাদের সক্ষমতা বৃদ্ধি’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন করা হয়।
সভায় চরাঞ্চলে বন্যার সময় স্থানীয় জনগোষ্ঠীর করণীয়, আগাম প্রস্তুতি, ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া, উদ্ধারকাজে স্বেচ্ছাসেবীদের ভূমিকা এবং দুর্যোগের পর জরুরি সহায়তা কার্যক্রম নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান।
ফ্রেন্ডশিপের আঞ্চলিক সমন্বয়ক আব্দুস সালামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, রিজিওনাল ম্যানেজার আশরাফুল ইসলাম মল্লিক, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান মন্ডল, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী নিত্যানন্দ বর্মন, ভোগডাঙ্গা ইউনিয়ন চেয়ারম্যান সাইদুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা নুরুল আমিন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজগর আলী, ওয়ার্ল্ড ভিশন প্রতিনিধি মনি দিও, পাঁচগাছি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাতেন, সাংবাদিক প্রহলাদ মন্ডল সহ ফ্রেন্ডশিপের অনান্যরা।
সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প ব্যবস্থাপক লাবিবুল ইসলাম।
আলোচনায় বক্তারা বলেন, বন্যাপ্রবণ চরাঞ্চলে দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করে স্বেচ্ছাসেবী দল গড়ে তোলা গুরুত্বপূর্ণ। প্রশিক্ষিত ও সংগঠিত স্বেচ্ছাসেবকেরা বন্যার আগাম সতর্কবার্তা পৌঁছে দেওয়া, ঝুঁকিপূর্ণ পরিবার চিহ্নিত করা এবং জরুরি সময়ে সহায়তা প্রদানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
সভায় প্রকল্পের আওতায় গৃহীত বিভিন্ন কার্যক্রম, মাঠপর্যায়ের অভিজ্ঞতা, অর্জন ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে স্থানীয় পর্যায়ে দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনা আরও কার্যকর করতে করণীয় নিয়েও মতবিনিময় করা হয়।
আয়োজকেরা জানান, উত্তরাঞ্চলের চরাঞ্চলের মানুষের বন্যাজনিত ঝুঁকি কমানো এবং স্থানীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রকল্পটির আওতায় স্বেচ্ছাসেবী দল গঠন ও তাদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তি, প্রকল্পের সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মী, স্বেচ্ছাসেবী ও অন্যান্য অংশীজন অংশ নেন।