
নানান নাটকীয়তার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি। সেই আক্ষেপ মুছে বাংলাদেশের চোখ এখন ওয়ানডে বিশ্বকাপের দিকে।
আফ্রিকায় হতে যাওয়া ২০২৭ বিশ্বকাপে সরাসরি জায়গা পেতে হলে ওয়ানডে র্যাঙ্কিংয়ের আটের ভেতরে থাকতে হবে বাংলাদেশকে।
পাকিস্তানের বিপক্ষে সদ্য তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে র্যাঙ্কিংয়েও বেশ উন্নতি করেছেন মেহেদী হাসান মিরাজরা। বাংলাদেশ এক ধাপ এগিয়ে জায়গা করে নিয়েছে ৯ নম্বরে।
ব্যক্তিগত পারফরম্যান্সেও র্যাঙ্কিংয়ে উন্নতি করেছে বাংলাদেশের খেলোয়াড়েরা। তার মধ্যে বড় লাফ দিয়েছেন খোদ অধিনায়ক মিরাজ।
সদ্য হালনাগাদ করা ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে সেরা দশে জায়গা করে নিয়েছেন তিনি। ৯ ধাপ এগিয়ে বসেছেন ৭ নম্বরে।
আর ওয়ানডে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়েও দারুণ উন্নতি করেছেন মিরাজ। দুই ধাপ এগিয়ে বসেছেন দুই নম্বরে। মিরাজের রেটিং পয়েন্ট ২৮০। ৩২৯ রেটিং পয়েন্ট নিয়ে তার ওপরে আছেন শুধু আজমতউল্লাহ ওমরজাই।
এর আগে গত বছরের মে মাসে টেস্ট অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে দুই উঠে এসেছিলেন মিরাজ। এ তালিকায় এক ধাপ এগিয়ে তিনি আছেন তিন নম্বরে।
ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ে ১২ ধাপ এগিয়ে ২৮ নম্বরে জায়গা করে নিয়েছেন তাসকিন আহমেদ। ১৩ ধাপ এগিয়ে ৪৭ নম্বরে আছেন মোস্তাফিজুর রহমান।
এ তালিকায় বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বড় লাফটা দিয়েছেন নাহিদ রানা। ৬৫ ধাপ এগিয়ে ৯৮ নম্বরে উঠে এসেছেন এই পেস তারকা।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ২ ধাপ এগিয়ে ৩২ নম্বরে আছেন তাওহীদ হৃদয়। বাংলাদেশিদের মধ্যে তিনিই শীর্ষে।
পাকিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সেঞ্চরি করে ৩১ ধাপ এগিয়ে ৫৫ নম্বরে উঠে এসেছেন তানজিদ হাসান তামিম। সিরিজসেরাও হয়েছেন এই বাঁহাতি ওপেনার। ১০ ধাপ এগিয়ে ৮২ নম্বরে বসেছেন লিটন দাস।