
ইসরায়েলের বিরুদ্ধে তৃতীয় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী, এতে তেল আবিবসহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে দক্ষিণ ইসরায়েল লক্ষ্য করে একঝাঁক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানায় গোষ্ঠীটি। ইরান ও লেবাননের হিজবুল্লাহর সঙ্গে সমন্বয় করে এই হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের।
চলমান সংঘাতের মধ্যে এটি হুতিদের তৃতীয় হামলা। এক বিবৃতিতে তারা জানায়, ‘ইসরায়েলি শত্রুর স্পর্শকাতর লক্ষ্যবস্তু’ লক্ষ্য করে এই অভিযান পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে গাজা, পশ্চিম তীর, লেবানন, ইরান ও ইরাকে ইসরায়েলি হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও ভয়াবহ করার হুমকিও দেয় গোষ্ঠীটি।
এদিকে ইরান, হিজবুল্লাহ ও হুতিদের সমন্বিত হামলার মুখে তেল আবিবে চরম আতঙ্ক বিরাজ করছে। মুহূর্মুহূ সাইরেন বেজে উঠছে শহরজুড়ে, বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ের দিকে ছুটে যেতে দেখা যাচ্ছে। ক্রমাগত হামলার আশঙ্কায় জনজীবনে অস্থিরতা তৈরি হয়েছে।
পটভূমিতে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান, যা ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হয়। ওই অভিযানের পর থেকেই ইরান পাল্টা হামলা জোরদার করে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন স্থাপনাগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়। সংঘাত দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে আঞ্চলিক শক্তিগুলোর সম্পৃক্ততা বাড়ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।