
খুলনার পাইকগাছায় দারিদ্র্য আর অসুস্থতার নির্মম বাস্তবতায় দাঁড়িয়ে এক মায়ের হৃদয়বিদারক সিদ্ধান্ত যেন পুরো সমাজকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।
উপজেলার রেজাকপুর গ্রামের একটি ছোট মাটির ঘরে বসবাস করেন মো. আত্তাব গাজী, যিনি দীর্ঘ ১৬ বছর ধরে বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলেন। দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে গিয়ে তিনি জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন বহুবার। বর্তমানে তিনি লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন কাটাচ্ছেন। কিন্তু চিকিৎসার খরচ জোগানোর মতো সামর্থ্য নেই তার পরিবারের, আর দলীয় সহযোগিতাও মিলছে না বলে অভিযোগ।
কপিলমুনি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করা আত্তাব গাজী আওয়ামী লীগ সরকারের সময় অন্তত পাঁচটি রাজনৈতিক মামলার আসামি ছিলেন। গ্রেপ্তারের পর পুলিশি রিমান্ডে তিনি অমানবিক নির্যাতনের শিকার হন এবং প্রায় চার মাস কারাগারে কাটান। পরিবারের দাবি, সেই সময়েই তার শরীরে মরণব্যাধি ক্যানসারের সূত্রপাত ঘটে।
রাজনৈতিক জীবনের কারণে তিনি তার ব্যবসা-বাণিজ্য এবং মাছের ঘের হারিয়েছেন। বর্তমানে চরম আর্থিক সংকটে থাকা এই পরিবারে রয়েছে তার চার মেয়ে, ১৩ বছরের আফরিন, ১০ বছরের শারমিন, ৪ বছরের খাদিজা এবং ২ বছরের আয়শা। মাত্র তিন শতাংশ জমির ওপর একটি ভাঙাচোরা মাটির ঘরেই তাদের বসবাস। প্রতিদিন প্রায় ৫০০ টাকার ওষুধের প্রয়োজন হলেও সেটিও জোগাড় করা সম্ভব হচ্ছে না।
এই অবস্থায় তার স্ত্রী শাহিদা খাতুন চরম হতাশার কথা জানিয়ে বলেন, "যে দলের জন্য আমার স্বামীর আজ এই অবস্থা, সেই দলের কেউ এগিয়ে আসলো না। চেয়ে-চিনতে, খেয়ে না খেয়ে বেঁচে আছি। আমার স্বামীর চিকিৎসার টাকার জন্য আমি আমার একটি সন্তান বিক্রি করতে চাই।"
একজন মায়ের মুখে এমন বক্তব্য পরিস্থিতির ভয়াবহতাই তুলে ধরে। একাধিকবার দলীয় নেতাদের সঙ্গে যোগাযোগ করেও কোনো সহায়তা না পেয়ে আত্তাব গাজী এখন সরাসরি দলের প্রধান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপ কামনা করেছেন।
নিজের অবস্থার কথা জানিয়ে তিনি বলেন, "জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি বিএনপির জন্য নিবেদিত থাকব। দল এখন ক্ষমতায় কিন্তু দুঃখ একটাই আমার ম্যাডাম দেখে যেতে পারলেন না। শেষ ইচ্ছা ম্যাডামের কবর জিয়ারত করা আর প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা করা।"
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক জানান, দলীয় কর্মীদের মাধ্যমে তিনি আত্তাব গাজীর অসুস্থতার বিষয়টি জেনেছেন। তিনি বলেন, আত্তাব গাজী লিভার ক্যানসারে আক্রান্ত এবং তার চিকিৎসার জন্য দলের ঊর্ধ্বতন নেতা ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন।