
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় ঘুমন্ত অবস্থায় শাহ জামাল মিয়াকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে তার ভাতিজা গোলাম হোসেনের বিরুদ্ধে। অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা। তিনি জানান, শনিবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ভারাদহ মাঝিপাড়া এলাকার হাফিজার পাগলার মোড়ে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত শাহ জামাল মিয়া উপজেলার মাঝিপাড়া গ্রামের জংলু মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে নিজ বাড়ির বারান্দায় ঘুমিয়ে ছিলেন শাহ জামাল। এ সময় তার ভাতিজা গোলাম হোসেন ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
স্বজনদের দাবি, গোলাম হোসেন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং মানসিক সমস্যায় ভুগছিলেন। এর আগে তিনি ধারালো অস্ত্র দিয়ে নিজের স্ত্রীকেও আহত করেছিলেন। ওই ঘটনার পর তার স্ত্রী ঢাকায় চলে যান।
ওসি দুরুল হোদা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।