
গাইবান্ধার সাদুল্লাপুরে এক পথসভায় বক্তব্য দিতে গিয়ে ভুলবশত ‘জয় বাংলা’ উচ্চারণ করায় প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা শাখার আহ্বায়ক মো. শফিজল ইসলাম। একই সঙ্গে তিনি দাবি করেছেন, ঘটনাটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য জড়িত ছিল না।
শুক্রবার (১৭ জুলাই) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে নিজের অবস্থান তুলে ধরেন শফিজল ইসলাম।
তিনি জানান, গত ১৬ জুলাই সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত ‘দেশ গড়তে জুলাই জাগরণ পথযাত্রা ও পথসভা’ কর্মসূচিতে বক্তব্যের শেষ পর্যায়ে তিনি ‘জয় হোক জামালপুর ইউনিয়নবাসীর, জয় হোক সাদুল্লাপুরবাসীর’ বলতে গিয়ে ভুলক্রমে ‘জয় বাংলা’ বলে ফেলেন।
শফিজল ইসলামের ভাষ্য, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃতভাবে তার মুখ থেকে বেরিয়ে গেছে এবং এটি নিছক একটি কথার ভুল। এ ঘটনায় তিনি গভীর দুঃখ প্রকাশ করে সাদুল্লাপুরবাসী, দলীয় নেতাকর্মী এবং সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। বক্তব্যের শেষাংশে তিনি ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জাতীয় নাগরিক পার্টি জিন্দাবাদ’ স্লোগান দেন।
রেডফ্ল্যাগ শব্দ: নেই