
চট্টগ্রাম বন্দরে চলমান কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত করেছে চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ।
বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেলে বন্দর ভবনে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর বলেন, “নৌ উপদেষ্টার দেওয়া আশ্বাস অনুযায়ী ব্যবস্থা নেওয়া না হলে আগামী রোববার থেকে পুনরায় কর্মবিরতি শুরু করা হবে।”
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডের হাতে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে চলছিল এই আন্দোলন। এর আগে শনিবার থেকে তিন দিন প্রতিদিন আট ঘণ্টা করে এবং মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হচ্ছিল। বন্দরের কর্মচারীদের বদলির সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে।
সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইব্রাহীম খোকন বলেন, “উপদেষ্টা মহোদয়ের সঙ্গে বৈঠকে আমরা চারটি দাবি জানিয়েছি। সেগুলো হলো:
নিউমুরিং টার্মিনাল ডিপি ওয়ার্ল্ডকে দেওয়া যাবে না।
কর্মচারীদের বিরুদ্ধে যে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে।
বন্দর চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের পদত্যাগ দাবি করা হয়েছে।
তিনি আরও বলেন, “উপদেষ্টা নিউমুরিং টার্মিনাল বিষয়ে উচ্চপর্যায়ে আলাপ করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং বাকি দাবিগুলোর বিষয়ে আশ্বাস দিয়েছেন। এই কারণে আমরা শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত করেছি। তবে শনিবারের মধ্যে কোনো সিদ্ধান্ত না এলে রোববার থেকে পুনরায় আন্দোলন শুরু হবে।”
শনিবার থেকে তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি চলার কারণে বন্দরের কার্যক্রম ব্যাহত হয়েছিল। তবে মঙ্গলবার থেকে লাগাতার কর্মবিরতি পুরো বন্দরের কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি করেছিল।
এ পরিস্থিতিতে নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন আজ সকালে বন্দরে উপস্থিত হন। বন্দরের চার নম্বর গেটের বাইরে তিনি আন্দোলনকারীদের বিক্ষোভের মুখোমুখি হন। পরে বিকেলে বন্দরে তাদের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকের পর সাংবাদিকদের তিনি বলেন, “রোজার আগে বন্দরের কার্যক্রম বন্ধ রেখে আন্দোলন চালানো অত্যন্ত অমানবিক। বন্দর বন্ধ রাখার কারও কোনো এখতিয়ার নেই। বাধা দিলে সরকার হার্ডলাইনে যেতে পারে। কাল সকাল থেকে যদি সচল না হয়, সরকার হয়তো অন্যভাবে ব্যবস্থা নেবে।”
নিউমুরিং টার্মিনালের চুক্তি নিয়ে তিনি বলেন, “চুক্তি হয়তো ঠেকানো যাবে না, তবে দেশের ক্ষতি করে কোনো চুক্তি হবে না।” ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে নেগোসিয়েশন চূড়ান্ত হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এখনো চূড়ান্ত হয়নি।”