
চিকিৎসার প্রয়োজনে দেশের মানুষকে যেন বিদেশে পাড়ি দিতে না হয়, সে লক্ষ্যেই একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের সম্প্রসারিত ৫০০ শয্যাবিশিষ্ট নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুধু রাজধানী বা বড় শহরকেন্দ্রিক নয়, দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছেও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার উদ্যোগ নেবে। অর্থের অভাবে দেশের কোনো মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
এ সময় তিনি জানান, আগামী অক্টোবর মাসে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল চালু করা হবে।
এর আগে প্রধানমন্ত্রী ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালের নতুন ৫০০ শয্যার ভবনটির উদ্বোধন করেন। ১৫ তলা ভবনটির নিচের তিনটি তলা বেজমেন্ট হিসেবে নির্মাণ করা হয়েছে। সেখানে পার্কিং সুবিধার পাশাপাশি বিভিন্ন সার্ভিস সেকশন রয়েছে।
ভবনের ওপরের ১২ তলায় রোগীদের জন্য ওয়ার্ড, অপারেশন থিয়েটার ও ডায়াগনস্টিক ইউনিট রাখা হয়েছে। নতুন ভবনে রয়েছে ৪০টি আইসিইউ শয্যা, ২৪টি পোস্ট-অপারেটিভ শয্যা এবং ১১২টি কেবিন।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, এই হাসপাতালে সবচেয়ে বেশি চিকিৎসা নিতে আসেন স্ট্রোক আক্রান্ত রোগীরা। এরপর উল্লেখযোগ্য সংখ্যায় আসেন দুর্ঘটনায় মস্তিষ্ক ও মেরুদণ্ডে আঘাত পাওয়া রোগীরা। পাশাপাশি পার্কিনসন্স, ডিমেনশিয়া, জিবিএস, মৃগী ও হাইড্রোকেফালাসসহ বিভিন্ন ধরনের নিউরোলজিক্যাল রোগের চিকিৎসাও এখানে দেওয়া হয়।
শিশু থেকে শুরু করে বয়স্ক—সব বয়সী রোগীর নিউরোলজিক্যাল সমস্যার চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ রয়েছে এই হাসপাতালে।