
ভোলার সদর উপজেলায় নির্বাচনী আলাপচারিতার ঘটনায় ইসলামী আন্দোলন ও জামায়াতে ইসলামী কর্মী-সমর্থকদের মধ্যে মারামারি সংঘটিত হয়েছে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে ভোলার ভেলুমিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে তারেক মেম্বারের বাড়ির সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারেক মেম্বারের বাড়ির সামনের চায়ের দোকানে নির্বাচনী বিষয়ে আলাপ করছিলেন ইসলামী আন্দোলনের নেতা শফিক ও সাইফুল এবং জামায়াতের কর্মী সাইদ ও কামাল। আলোচনা চলাকালীন তাদের মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়, যা দ্রুত হাতাহাতিতে রূপ নেয়।
প্রাথমিকভাবে উপস্থিত স্থানীয়রা তাদের থামানোর চেষ্টা করলেও পরে তারা বাড়িতে ফিরে আবার সংঘর্ষে লিপ্ত হন। এ ঘটনায় উভয়পক্ষের ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভেলুমিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মোহাজ্জেম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বর্তমানে এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। মারামারির বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”