রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সাবেক সভাপতি আবু জাফর সূর্যসহ বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আবু জাফর সূর্যকে আটক করা হয়। পরে একটি পুলিশ ভ্যানে করে তাকে পল্টন থানায় নেওয়া হয়।
একই সঙ্গে জাসদের কার্যালয় থেকে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীকেও আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে দুপুর ১২টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। এ সময় মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযান চালিয়ে ধানমন্ডি থেকে তিনজন এবং মোহাম্মদপুর থেকে একজনকে হাতবোমাসহ আটক করে।
পুলিশের দাবি, ধানমন্ডির ওই মিছিলে অংশ নেওয়া অনেকে পরে গুলিস্তানে জাসদের কার্যালয়ে গিয়ে আশ্রয় নেন। এর আগে ওই কার্যালয়ে শতাধিকের বেশি নেতা-কর্মী জড়ো হয়েছিলেন বলে জানা যায়।
এদিকে আবু জাফর সূর্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে হাতকড়া পরা একটি ছবি পোস্ট করে লেখেন, ‘আজ জাসদের প্রতিনিধি সভায় পেশাগত দায়িত্ব পালন করার সময় আমাকে সহ অনেককে হাতে হ্যান্ডকাফ পড়িয়ে পুলিশ নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। পল্টন থানায় আছি।’