
রাজধানীর সায়েদাবাদে মাদকবিরোধী অভিযানে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির এক পরিদর্শক। দায়িত্ব পালনকালে হামলার এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সোমবার (২ মার্চ) দুপুরে সায়েদাবাদ রেলগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, যিনি ঢাকা মেট্রো উপ অঞ্চল দক্ষিণের খিলগাঁও সার্কেলে কর্মরত পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছেন। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এ ভর্তি করা হয়েছে।
ডিএনসি সূত্র জানিয়েছে, দক্ষিণ অঞ্চলের সাতটি সার্কেল যৌথভাবে সোমবার সকাল থেকে সায়েদাবাদ রেলগেট ও আশপাশ এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। দুপুর প্রায় ১২টার দিকে খিলগাঁও সার্কেলের পরিদর্শক সিদ্দিকুর রহমান ও তার সঙ্গে থাকা সদস্যরা তিনজন সন্দেহভাজনকে চিহ্নিত করেন। তাদের মধ্যে একজনকে আটক করা সম্ভব হলেও বাকি দুজন পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে তল্লাশি করার সময় তার কাছে থাকা একটি পিস্তল থেকে টানা চার রাউন্ড গুলি ছোড়া হয়। একটি গুলি সিদ্দিকুর রহমানের বাম পায়ের হাঁটুর নিচ দিয়ে ঢুকে বেরিয়ে যায়। গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলেই পড়ে যান। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যান।
ঘটনার খবর পেয়ে ডিএনসির অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে উপস্থিত হন এবং চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন। ঘটনাস্থল থেকে চারটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
অতিরিক্ত পরিচালক শওকত ইসলাম বলেন, “মাদক কারবারিদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সেখানে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, উদ্ধার করা খোসা পর্যালোচনা করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি এমন একটি পিস্তলের গুলি যা সাধারণত পুলিশ সদস্যরা ব্যবহার করে থাকেন। ধারণা করা হচ্ছে, গত ৫ আগস্ট একটি থানা থেকে লুট হওয়া পিস্তলটি এ হামলায় ব্যবহার করা হয়ে থাকতে পারে।
উল্লেখ্য, সম্প্রতি সরকার ডিএনসি সদস্যদের আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমোদন দিলেও তা এখনো কার্যকর হয়নি। প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন হলেও সদস্যদের হাতে অস্ত্র সরবরাহ করা হয়নি। ফলে অভিযানের সময় তারা আত্মরক্ষামূলক আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারছেন না। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের উচ্চপর্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।