
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ ও তিন দিনের সরকারি ছুটি শেষে জীবিকার টানে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছেন লাখো মানুষ।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) ছুটি শেষে অফিস-আদালত খুলেছে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন প্রবেশপথে ঘরমুখো মানুষের ভিড় দেখা যায়। বিশেষ করে গাবতলী বাস টার্মিনাল এলাকায় ছিল উপচেপড়া ভিড়।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূরপাল্লার বাস একের পর এক যাত্রী নিয়ে টার্মিনালে প্রবেশ করছে। ফেরিঘাট বা মহাসড়কে কোথাও সামান্য বিলম্ব হলেও অধিকাংশ বাস নির্ধারিত সময়ের মধ্যেই ঢাকায় পৌঁছেছে।
ঝিনাইদহ থেকে আসা যাত্রী মো. মোস্তাক বলেন, ‘ভোটের আগের রাতেই বাড়ি গিয়েছিলাম। ভোট দেওয়া এবং ছুটি কাটানো—দুটোই হলো। আজ থেকে অফিস শুরু, তাই সময়মতো কর্মস্থলে যোগ দিতে ফিরে এলাম।’
মাগুরা থেকে আসা আরেক যাত্রী আরিফ জানান, পথে তেমন কোনো ভোগান্তি ছাড়াই তিনি ঢাকায় ফিরতে পেরেছেন। বরিশাল থেকে আসা জাকির হোসেন বলেন, ‘যাওয়ার সময় কিছুটা ভোগান্তি হলেও ফেরার পথ ছিল বেশ স্বস্তিদায়ক।’
পরিবহন সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে যাওয়া বাসের তুলনায় ঢাকামুখী বাসগুলোতে যাত্রীর চাপ অনেক বেশি। শুভ বসুন্ধরা পরিবহন-এর কাউন্টার ম্যানেজার অর্জুন জানান, সকাল থেকেই প্রতিটি বাস যাত্রীবোঝাই হয়ে ফিরছে এবং এই ধারা সারাদিনই অব্যাহত থাকবে।
সাকুরা পরিবহন-এর কাউন্টার ম্যানেজার আলামিন বলেন, ‘মহাসড়কে বড় ধরনের কোনো যানজট নেই। ফলে যাত্রীরা স্বস্তিতেই ফিরতে পারছেন।’ অন্যদিকে ঈগল পরিবহন-এর কাউন্টার কর্মী ইলিয়াসের ধারণা, রোববার থেকে সব প্রতিষ্ঠান পূর্ণোদমে চালু হওয়ায় আগামীকাল যাত্রীর চাপ আরও বাড়তে পারে।
দীর্ঘ বিরতির পর রাজধানী আবারও তার চিরচেনা কর্মচাঞ্চল্যে ফিরতে শুরু করেছে। বাস টার্মিনালগুলোতে মানুষের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারপাশ।