
ত্রয়োদশ জাতীয় সংসদের নতুন কমিটির প্রথম বৈঠক আজ অনুষ্ঠিত হচ্ছে।
শনিবার (২৮ মার্চ) বেলা ১১টায় জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষ, লেভেল ২-এ এই সভা অনুষ্ঠিত হবে।
তথ্যটি গতকাল শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে জাতীয় সংসদ সচিবালয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আজই জাতীয় সংসদের সরকারি দলের সংসদীয় সভাও অনুষ্ঠিত হবে। সংসদ কমিটির বৈঠকের পর বিকেল ৪টায় সরকার দলীয় সভা অনুষ্ঠিত হবে সংসদ ভবনের সংশ্লিষ্ট কক্ষে।
সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বিএনপি সংসদীয় দলের সভায় অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা হতে পারে। এই অধ্যাদেশ সম্পর্কিত প্রতিবেদন জাতীয় সংসদের বিশেষ কমিটিকে আগামী ২ এপ্রিলের মধ্যে দেওয়ার কথা রয়েছে।
এদিকে, আগামী রোববার (২৯ মার্চ) থেকে ত্রয়োদশ সংসদের পরবর্তী অধিবেশন শুরু হবে। চলতি অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থায়ী হবে।