
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ২২৬টি মাদ্রাসার কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বড় অংশই মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন।
সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশিত ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে এ তথ্য উঠে এসেছে।
কোন বোর্ডে কত প্রতিষ্ঠান শূন্য পাস
ফলাফল অনুযায়ী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ২২৬টি, ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের ৫৭টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ২৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এ ছাড়া বিদেশের একটি পরীক্ষাকেন্দ্রেও কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়নি।
সব মিলিয়ে এ বছর ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে শুধু মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনেই রয়েছে ২২৬টি প্রতিষ্ঠান।
সোমবার সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
এ সময় দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান নিজ নিজ বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর কাছে হস্তান্তর করেন।