
আফ্রিকান ফুটবলকে ঘিরে বিতর্ক তুঙ্গে—সেনেগাল সরকারের আনা দুর্নীতির অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) সভাপতি প্যাট্রিস মোৎসেপে। তিনি স্পষ্ট জানিয়েছেন, কেউ আইনি পথে এগোতে চাইলে সেটিকে তিনি স্বাগত জানাবেন।
বৃহস্পতিবার মরক্কোতে দেওয়া এক বক্তব্যে মোৎসেপে বলেন, ‘এখানে লুকানোর কিছু নেই।’
এই বিতর্কের সূত্রপাত গত ১৮ জানুয়ারির আফ্রিকান কাপ অব নেশনস (আফকন) ফাইনালকে কেন্দ্র করে। ওই ম্যাচে স্বাগতিক মরক্কোকে ১-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় সেনেগাল। তবে অতিরিক্ত সময়ে একটি বিতর্কিত পেনাল্টির সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েন সেনেগালের খেলোয়াড়রা, কোচ পাপে থিয়াও এবং তার সাপোর্ট স্টাফরা। তারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। যদিও ফরোয়ার্ড ব্রাহিম দিয়াজ সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন।
পরে এই ঘটনাকে নিয়ম ভঙ্গ হিসেবে বিবেচনা করে ১৭ মার্চ সিএএফ সেনেগালের জয় বাতিল করে দেয়। একই সঙ্গে ম্যাচটি ৩-০ ব্যবধানে মরক্কোর পক্ষে নথিভুক্ত করে শিরোপা তাদের হাতে তুলে দেওয়া হয়।
এ সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানায় সেনেগাল সরকার। তারা সিএএফের বিরুদ্ধে সম্ভাব্য দুর্নীতির অভিযোগ তুলে আন্তর্জাতিক তদন্তের দাবি জানায়।
অন্যদিকে সেনেগাল ফুটবল ফেডারেশন বিষয়টি কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টে (সিএএস) চ্যালেঞ্জ করেছে। এ বিষয়ে মোৎসেপে বলেন, সিএএস যে সিদ্ধান্তই দিক না কেন, সেটি তারা মেনে নেবেন এবং কার্যকর করবেন।