
বছরের অন্যতম বড় উৎসবকে ঘিরে শিক্ষার্থীদের জন্য আসছে টানা ছুটির আনন্দ—দেশের সব স্কুল-কলেজ বন্ধ থাকছে একসঙ্গে কয়েকদিন।
দেশজুড়ে প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠান তিন দিনের সরকারি ছুটিতে যাচ্ছে। আগামী রোববার (১২ এপ্রিল) থেকে শুরু হয়ে এই ছুটি চলবে মঙ্গলবার (১৪ এপ্রিল) পর্যন্ত।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ১২ এপ্রিল বৈসাবি উৎসব, ১৩ এপ্রিল চৈত্র সংক্রান্তি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ থাকবে। ছুটি শেষে বুধবার (১৫ এপ্রিল) থেকে আবার স্বাভাবিকভাবে শ্রেণিকক্ষ কার্যক্রম শুরু হবে।
এরই মধ্যে রাজধানীসহ দেশের বিভিন্ন স্কুল-কলেজ কর্তৃপক্ষ পৃথক নোটিশ দিয়ে ছুটির বিষয়টি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই তিন দিন স্কুল ও কলেজ শাখার পাঠদানসহ সব ধরনের প্রশাসনিক কার্যক্রম স্থগিত থাকবে।
এদিকে, এর আগে শুক্র ও শনিবার (১০-১১ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট পাঁচ দিনের ছুটি উপভোগ করতে পারবে শিক্ষার্থীরা।