
জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের চলমান উদ্যোগে সরকারের পাশে দাঁড়াতে বড় সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীদের সংগঠন—এখন থেকে রাত ৮টার মধ্যেই বন্ধ থাকবে দেশের দোকানপাট ও শপিংমল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আন্তর্জাতিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আওতায় ঢাকাসহ সারাদেশের সব দোকান, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখা হবে।
তবে এই নির্দেশনার বাইরে রাখা হয়েছে জরুরি পরিষেবাসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। হোটেল, ফার্মেসি, কাঁচাবাজারসহ প্রয়োজনীয় সেবা প্রদানকারী দোকানগুলো আগের মতোই খোলা রাখতে পারবে বলে জানিয়েছে সংগঠনটি।