
মাত্র ২৪ বছর বয়সে থেমে গেল এক সম্ভাবনাময় সংগীতযাত্রা। জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ভয়েস’-এর তরুণ প্রতিযোগী ডিলান কার্টার সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, যা সংগীত অঙ্গনে গভীর শোকের সৃষ্টি করেছে।
যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনায় শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাত ১১টা ৪২ মিনিটের দিকে কলিটন কাউন্টির লোকানট্রি হাইওয়েতে এই দুর্ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এটি একটি একক গাড়ি দুর্ঘটনা ছিল এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ আনুষ্ঠানিকভাবে নিহতের নাম প্রকাশ না করলেও স্থানীয় গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রে ডিলান কার্টারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
তার মৃত্যুর কারণে সোমবার (২৭ এপ্রিল) মনকস কর্নার শহরে নির্ধারিত একটি কনসার্ট বাতিল করা হয়।
ডিলান কার্টার ২০২৩ সালে ‘দ্য ভয়েস’-এর ব্লাইন্ড অডিশনে হুইটনি হিউস্টনের গান ‘আই লুক টু ইউ’ পরিবেশন করে ব্যাপক সাড়া ফেলেন। তার পারফরম্যান্সে মুগ্ধ হয়ে চার বিচারকই চেয়ার ঘুরিয়ে তাকে দলে নেন। পরে তিনি রিবা ম্যাকএন্টায়ারকে নিজের মেন্টর হিসেবে বেছে নেন।
অডিশনের সময় তিনি জানিয়েছিলেন, এই গানটি ছিল তার প্রয়াত মায়ের প্রতি শ্রদ্ধা। এক বছর আগেই তিনি তার মাকে হারান।
ছোটবেলা থেকেই সংগীতের সঙ্গে গভীরভাবে যুক্ত ছিলেন ডিলান। স্বল্প সময়েই দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে ওঠা এই তরুণ শিল্পীর আকস্মিক মৃত্যুতে ভক্ত ও সহশিল্পীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।