
রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর ২’ মুক্তির পর থেকেই ভারতের বক্স অফিসে দাপট দেখাচ্ছে। মাত্র ১৪ দিনে ছবিটি যে শুধু বিপুল অর্থ আয় করেছে তাই নয়, ইতিহাসের পাতাতেও নতুন নাম লিখিয়েছে। ১ এপ্রিল পর্যন্ত এই সিনেমার সংগ্রহ দাঁড়িয়েছে ৯২০.১০ কোটি টাকায়, যা কোনো হিন্দি সিনেমার পক্ষে আগে কখনও সম্ভব হয়নি।
প্রথম সপ্তাহে ‘ধুরন্ধর ২’ ঘরে তোলে ৬৭৪.১৭ কোটি টাকা, আর দ্বিতীয় সপ্তাহেও দর্শকের ভিড় অব্যাহত থাকে। নবম দিনে আয় ছিল ৪১.৭৫ কোটি, দশম ও একাদশ দিনে যথাক্রমে ৬২.৮৫ কোটি ও ৬৮.১০ কোটি টাকা। দ্বাদশ ও ত্রয়োদশ দিনে আরও ২৫.৩০ কোটি ও ২৭.৭৫ কোটি টাকা যোগ হয়। মুক্তির ১৪তম দিনে বুধবার সিনেমার আয় ছিল ২০.১০ কোটি, যার মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ১৮.৭৫ কোটি। এছাড়া কন্নড় ০.১৫ কোটি, মালয়ালম ০.০৫ কোটি, তামিল ০.৩০ কোটি এবং তেলুগু ০.৮৫ কোটি টাকা।
তবে বক্স অফিস সাফল্যের মাঝেই ‘ধুরন্ধর ২’ নিয়ে সমালোচনাও উঠেছে। কিছু দর্শক ও সমালোচক ছবিটিকে ‘প্রোপাগান্ডা’ চলচ্চিত্র হিসেবে অভিহিত করেছেন এবং সিনেমার রাজনৈতিক বর্ণনা ও কিছু ঘটনাকে নির্দিষ্ট রাজনৈতিক বার্তা ছড়ানোর উদ্যোগ হিসেবে দেখেছেন, যার ফলে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ নিয়ে অনলাইন প্ল্যাটফর্মে তর্ক-বিতর্ক দানা বেঁধেছে এবং চলচ্চিত্রের রাজনৈতিক প্রভাব সম্পর্কে নানা মত প্রকাশ হয়েছে।
এই টানা ১৪ দিনের দৌড়ে ‘ধুরন্ধর ২’ শুধু অর্থের হিসাবেই নয়, ইতিহাসেও নতুন মাইলস্টোন গড়েছে। ৯০০ কোটির সীমানা অতিক্রম করে বক্স অফিসে হিন্দি সিনেমার নতুন অধ্যায় লিখে এই ছবি এখন অচল দুর্গের মতো স্থির হয়ে গেছে।