
নওগাঁর রাণীনগরে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার দুই কর্মকর্তাকে পিটিয়ে ৩৪ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার আবাদপুকুর-আদমদিঘী আঞ্চলিক সড়কের পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার কর্মকর্তা মো. নাজমুল (৩২) ও রাসেল (২৮)। স্থানীয় একটি হাসপাতালে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
আবাদপুকুর ইসলামী ব্যাংক এজেন্ট শাখার স্বত্বাধিকারী ফিরোজ হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার দুপুরের আগে নাজমুল ও রাসেল সান্তাহার ইসলামী ব্যাংক থেকে ৩০ লাখ টাকা উত্তোলন করেন। এর সঙ্গে শাখার নিজস্ব আরও ৪ লাখ টাকা নিয়ে মোট ৩৪ লাখ টাকা একটি ব্যাগে করে মোটরসাইকেলে আবাদপুকুরে ফিরছিলেন তারা।
পথে পারইল ব্রিজসংলগ্ন টাওয়ার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি সামনে ও পেছন থেকে তাদের পথরোধ করেন। তাদের সবার মাথায় হেলমেট ছিল। একপর্যায়ে হামলাকারীরা লোহার রড দিয়ে দুই কর্মকর্তাকে মারধর করেন। এতে তারা গুরুতর আহত হন।
পরে হামলাকারীরা কর্মকর্তাদের কাছে থাকা ৩৪ লাখ টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যান। স্থানীয় লোকজন আহত দুই কর্মকর্তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ছিনতাইয়ে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি ছিনিয়ে নেওয়া টাকা উদ্ধারে অভিযান চলছে।