
নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবেশ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাসভবনে প্রবেশের সময় তিনি নাহিদ ইসলাম ও সারজিস আলমকে বুকে জড়িয়ে ধরেন।
রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাড্ডায় নাহিদ ইসলামের বাসায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশে সমঝোতামূলক রাজনৈতিক পরিবেশ তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
সাক্ষাৎকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, হুমায়ুন কবির এবং বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব সালেহ শিবলীসহ দলটির নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে এনসিপির পক্ষ থেকে সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমসহ আরও কয়েকজন নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।