
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রীর পদে বসেন, আর সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বুধবার (২১ অক্টোবর) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদের হলরুমে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
স্পিকার বলেন, সৎ ও ভালো মানুষের নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযোগী পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগের দুঃশাসন থেকে দেশ মুক্ত হয়েছে উল্লেখ করে হাফিজ উদ্দিন আহমদ বলেন, আগামী দিনে আল্লাহর রহমতে দেশে একটি সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে।
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের বিদেশে সম্পদ প্রসঙ্গে
অনুষ্ঠানে স্পিকার দাবি করেন, যুক্তরাজ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের ৪০০টি বাড়ি বাজেয়াপ্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকার বাড়িগুলোর অবস্থান উল্লেখ করে চিঠি দেওয়ার পর ব্রিটিশ সরকার এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানান তিনি।
হাফিজ উদ্দিন আহমদ আরও দাবি করেন, জাবেদের দুবাইয়ে ১০০টি, যুক্তরাষ্ট্রে প্রায় ৫০টি এবং কানাডায় ৩০ থেকে ৪০টি বাড়ি রয়েছে। বাংলাদেশের সাধারণ মানুষের অর্থ লুট করে এসব সম্পদ গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ টানা ১৭ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার সময় দলটির নেতাকর্মীরা বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে দাবি করেন স্পিকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর ছেলের যুক্তরাষ্ট্র, কানাডা এবং ইংল্যান্ডে অনেক সম্পদ রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কানাডার বেগমপাড়ায় লুটপাটের অর্থ দিয়ে সম্পদ গড়ে তোলার প্রসঙ্গ তুলে হাফিজ উদ্দিন আহমদ বলেন, কয়েকটি রাজনৈতিক দল সাধারণ মানুষের সম্পদ লুট করে নিজেদের ভাগ্য গড়েছে।