.jpeg)
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়ির সীমানার ভেতরে অবৈধভাবে গাঁজা চাষের অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে এসআরবি-১১। এ সময় তাঁর বাড়ি থেকে প্রায় ছয় ফুট উচ্চতার একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার মোবারক ওই এলাকার মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের ছেলে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান। এর আগে বুধবার (১১ নভেম্বর) রাত ১২টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোবারকের বাড়িতে অভিযান চালানো হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে তাঁকে আটক করা হয়। পরে বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে দরজার সামনে রোপণ করা একটি জীবিত গাঁজা গাছ উদ্ধার করা হয়।
উদ্ধার করা গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। ডালপালা ও পাতাসহ এর ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
এসআরবি-১১-এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়ির ভেতরে গোপনে গাঁজা গাছ চাষের কথা স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।