
দক্ষিণ লেবাননে স্থল অভিযানের সময় নিজেদের গুলিতেই এক ইসরায়েলি সেনার মৃত্যু এবং আরেকজনের গুরুতর আহত হওয়ার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। নিহত সেনা সার্জেন্ট ফার্স্ট ক্লাস গাই লুডার (২১), যিনি কমান্ডো ব্রিগেডের ম্যাগলান ইউনিটে কর্মরত ছিলেন এবং ইউভালিম এলাকার বাসিন্দা।
দ্য টাইমস অফ ইসরায়েল জা নিয়েছে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে দক্ষিণ লেবাননের শেবা গ্রামে অভিযানের সময় এ ঘটনা ঘটে। ম্যাগলান ইউনিটের সদস্যরা সেখানে হিজবুল্লাহকে সহায়তার অভিযোগে এক সন্দেহভাজনকে আটক করতে অভিযান চালাচ্ছিলেন।
আইডিএফের প্রাথমিক তদন্ত অনুযায়ী, অভিযানের এক পর্যায়ে সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করছে বলে ধারণা করে এক সেনা গুলি চালান। সেই গুলিতেই গাই লুডার নিহত হন এবং আরেক সেনা গুরুতরভাবে আহত হন। যদিও নিজেদের গুলিতে হতাহতের ঘটনা ঘটে, তবুও আইডিএফ জানিয়েছে, অভিযানটি সফল হয়েছে এবং সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের জন্য ইসরায়েলে নেওয়া হয়েছে।
গত ২ মার্চ থেকে হিজবুল্লাহর হামলা শুরুর পর দক্ষিণ লেবাননে এখন পর্যন্ত ১১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। একই সময়ে হিজবুল্লাহর রকেট হামলায় দুইজন বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন। এছাড়া উত্তরাঞ্চলে ইসরায়েলি আর্টিলারির ভুল গুলিতে এক ইসরায়েলি বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনাও ঘটেছে।
এদিকে শনিবার জুড়ে উত্তর ইসরায়েলে হামলা অব্যাহত রাখে হিজবুল্লাহ। সকালে লেবানন থেকে নিক্ষিপ্ত একটি প্রজেক্টাইল কিরিয়াত শমোনা শহরে আঘাত হানে। উদ্ধারকারী সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এতে একটি সড়ক ক্ষতিগ্রস্ত হয় এবং আশপাশের বাড়িঘর ও গাড়িতে স্প্লিন্টারের আঘাত লাগে, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
সন্ধ্যায় আইডিএফ জানায়, প্রযুক্তিগত ত্রুটির কারণে হামলাটি শনাক্ত করা সম্ভব হয়নি, ফলে আগাম সতর্কবার্তা জারি করা যায়নি। একইদিন রাতে উত্তর ইসরায়েলের একটি খোলা স্থানে ইসরায়েলি বিমান বাহিনীর একটি হেলিকপ্টার থেকে বোমা পড়ে যাওয়ার ঘটনাও ঘটে, যা আইডিএফ ‘ভুলবশত’ ঘটেছে বলে স্বীকার করেছে।