
রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় শোক আর উদ্বেগের ছায়া ঘনিয়ে উঠেছে। পন্টুন থেকে পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও দায়ীদের শনাক্ত করতে জেলা প্রশাসন এবং নৌপরিবহন মন্ত্রণালয় পৃথকভাবে দুটি তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার (২৫ মার্চ) দিবাগত রাতে ঘটনাস্থল পরিদর্শনের সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি বলেন, জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির নেতৃত্বে রয়েছেন রাজবাড়ীর অতিরিক্ত ম্যাজিস্ট্রেট। অপরদিকে নৌপরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিদুল ইসলামকে। দুটি কমিটিকেই আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
মো. রাজিব আহসান বলেন, ‘তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। প্রতিবেদনে যাদের দায়ী করা হবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কমিটির সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার।’
বুধবার বিকেলে বাসটি পন্টুন থেকে নদীতে ডুবে যাওয়ার পর উদ্ধার তৎপরতা শুরু হয়। উদ্ধারকারী জাহাজ হামজা টানা প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় রাত ১১টার দিকে বাসটি পানির নিচ থেকে তুলে আনতে সক্ষম হয়। এ কাজে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল সক্রিয়ভাবে অংশ নেয়।