.webp)
মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার অনুভূত এই ভূকম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৩৫ কিলোমিটার গভীরে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।
এর আগে গত শুক্রবার পানামায় ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দেশটির মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে শত শত বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতির অবনতি হওয়ায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার।
শুক্রবারের বড় ভূমিকম্পের পর থেকে পানামায় এ পর্যন্ত ৩০০টিরও বেশি পরাঘাত বা আফটারশক রেকর্ড করা হয়েছে। এর মধ্যেই নতুন করে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হলো।
দেশটির জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা প্রদেশ। বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি এবং হতাহতের পূর্ণাঙ্গ তথ্য সংগ্রহের কাজ চলছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করেছেন, প্রত্যন্ত অঞ্চলগুলোর পরিস্থিতি পুরোপুরি যাচাই করা সম্ভব না হওয়ায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও আহত মানুষের সংখ্যা আরও বাড়তে পারে।