
মাদক উৎপাদন ও পাচারের জন্য পরিচিত পেরুর প্রত্যন্ত অঞ্চলে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আট সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট একমাত্র জীবিত ব্যক্তি। গুরুতর আহত অবস্থায় তাকে রাজধানী লিমায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। খবর বিবিসির।
শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির কর্তৃপক্ষ জানায়, বৃহস্পতিবার রাতে অ্যাপুরিম্যাক, এন ও মান্তারো নদী উপত্যকা (ভিআরএইএম) অঞ্চলের সানাবাম্বা শহরের কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। একটি সেনা টহল দলকে সরিয়ে নেওয়ার অভিযানে অংশ নিয়েছিল হেলিকপ্টারটি।
পেরুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ হেলিকপ্টারটির সন্ধানে তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে সেটির অবস্থান শনাক্ত করা হয়। এ সময় হেলিকপ্টারটির নয় আরোহীরও সন্ধান পাওয়া যায়। দুর্ঘটনায় পাইলট ছাড়া বাকি আট সেনাসদস্য নিহত হয়েছেন।
বিবৃতিতে পাইলটের নাম এনজো এসপিনোজা রোকে বলে উল্লেখ করা হয়েছে। বিশেষায়িত চিকিৎসার জন্য তাকে লিমায় নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
এর আগে বৃহস্পতিবার রাতে তিন সেনাসদস্যকে উদ্ধারের পর হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ওই সেনাসদস্যদের কেন উদ্ধারের প্রয়োজন হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। পরে নিশ্চিত হওয়া যায়, উদ্ধার হওয়া ওই তিনজনও দুর্ঘটনায় নিহত হয়েছেন।
পেরুর সশস্ত্র বাহিনীর জয়েন্ট কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে। একই সঙ্গে তাদের পরিবারের সদস্য, বন্ধু ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে সংস্থাটি। সামরিক দায়িত্ব পালনকালে ভিআরএইএম স্পেশাল কমান্ডের সদস্যদের প্রাণহানিতে শোক প্রকাশ করা হয়।
পেরুর ভিআরএইএম অঞ্চলটি ‘কোকেন ভ্যালি’ নামেও পরিচিত। দেশটির সবচেয়ে বড় কোকা পাতা উৎপাদনকারী এই উপত্যকায় মাদক পাচারকারী চক্রের পাশাপাশি সাবেক বিদ্রোহী সংগঠন শাইনিং পাথের অবশিষ্ট সদস্যদের তৎপরতা রয়েছে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে পেরুর দক্ষিণাঞ্চলে একটি এমআই-১৭ হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় হেলিকপ্টারের ১৫ আরোহীর সবাই নিহত হন।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, কোকা পাতা ও কোকেন উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশগুলোর মধ্যে রয়েছে পেরু ও কলম্বিয়া। এ কারণে মাদক উৎপাদন ও পাচার দমনে দেশটির প্রত্যন্ত অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর অভিযান নিয়মিত পরিচালিত হয়।