
নদী, খাল ও জলাধার পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিয়েছে বিএনপি সরকার। নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশজুড়ে নদী-নালা-খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়ায় খাল খননের মধ্য দিয়ে একযোগে দেশের ৫৪টি খালের খনন কাজের সূচনা করেন তিনি। দুপুর সাড়ে ১২টার দিকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
এর আগে সকাল ৯টা ৩০ মিনিটে ঢাকার বিমানবন্দর থেকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচির স্থানে যান তিনি।
সাহাপাড়ায় পৌঁছে নিজ হাতে কোদাল নিয়ে খাল খনন কাজে অংশ নেন প্রধানমন্ত্রী। এ সময় এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তাদের আশা, এই উদ্যোগ বাস্তবায়িত হলে দীর্ঘদিনের পানির সংকট অনেকটাই কমবে।
সরকারি পরিকল্পনা অনুযায়ী কৃষি সেচ সুবিধা বাড়ানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষার লক্ষ্যে আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল, নালা ও জলাধার খনন এবং পুনঃখনন করা হবে। কর্মসূচির প্রথম ধাপে দেশের ৫৪টি জেলায় এই কার্যক্রম পরিচালিত হবে।