
হাওর অঞ্চলের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা ও একমাত্র বোরো ফসল রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।
শুক্রবার (৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রীর উদ্দেশে দেওয়া এক খোলা চিঠিতে তিনি সুনামগঞ্জ, হবিগঞ্জ ও কিশোরগঞ্জসহ হাওরবেষ্টিত জেলার চলমান সংকট তুলে ধরেন। চিঠিতে তিনি সমস্যার স্থায়ী সমাধানে সেনাবাহিনী মোতায়েন এবং অপরিকল্পিত বাঁধ অপসারণের দাবি জানান।
সুনামগঞ্জের শাল্লা উপজেলার বাসিন্দা শিশির মনির বলেন, হাওর অঞ্চলের বিস্তীর্ণ জনগোষ্ঠী মূলত একটি ফসলের ওপর নির্ভরশীল। কিন্তু দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণে সেই বোরো ফসল ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। স্থানীয় পর্যায়ে কিছু উদ্যোগ নেওয়া হলেও তা পরিস্থিতি মোকাবিলায় যথেষ্ট নয়। তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান, বাস্তব চিত্র বোঝার জন্য হেলিকপ্টারে করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার।
চিঠিতে তিনি জলাবদ্ধতা নিরসনে তিনটি সুস্পষ্ট প্রস্তাব তুলে ধরেন। এগুলো হলো—প্রধানমন্ত্রীর সরেজমিন পরিদর্শন, দ্রুত ও কার্যকর কাজ নিশ্চিত করতে সেনাবাহিনী নিয়োগ এবং প্রশাসনিক কার্যক্রম জোরদার করে তদারকি বৃদ্ধি।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সরকারের সময় খাল খনন কার্যক্রম নতুন করে গতি পেয়েছে, যা একসময় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে জনপ্রিয় হয়েছিল। এই ধারাবাহিকতায় দিরাই-শাল্লাসহ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ব্যাপক খাল খননের ওপর জোর দেওয়ার আহ্বান জানান তিনি।
আইনজীবী শিশির মনির অভিযোগ করেন, হাওর অঞ্চলে অপরিকল্পিত বাঁধ নির্মাণের কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে, যা স্থানীয় জনপদের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মতে, বৈজ্ঞানিক পদ্ধতিতে নদী ও খাল খননই এই সমস্যার টেকসই সমাধান হতে পারে।
প্রধানমন্ত্রীর ব্যস্ততা স্বীকার করেও তিনি আশাবাদ ব্যক্ত করেন, সদিচ্ছা থাকলে সরকারের উদ্যোগে দ্রুতই এই সংকট থেকে মুক্তি পেতে পারে লাখো কৃষক। উল্লেখ্য, হাওরের ফসল রক্ষায় সরকারি হস্তক্ষেপের দাবি দীর্ঘদিন ধরেই উঠছে, তবে এবার সরাসরি প্রধানমন্ত্রীর কাছে খোলা চিঠির মাধ্যমে বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।