
অভিনয়দক্ষতায় দর্শকের মন জয় করেছেন আগেই। সৌন্দর্য, ব্যক্তিত্ব আর নিজস্ব ফ্যাশন-ভাবনায়ও ভক্তদের নজর কাড়েন নিয়মিত। তিনি জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। এবার গোলাপি আভায় স্যাটিনের পোশাকে নতুন ফটোশুটে ধরা দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নতুন ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া। খোলা চুল, স্নিগ্ধ সাজ আর মায়াবী অভিব্যক্তিতে ছবিগুলোতে ফুটে উঠেছে তার স্বতন্ত্র ফ্যাশন-রুচি। ছবির ক্যাপশনে মজার ছলে তিনি লিখেছেন, ‘প্রেমে পড়া বারণ।’
প্রকাশিত ছবিগুলোতে কখনো টেবিলে ভর দিয়ে, কখনো চেয়ারে বসে ভিন্ন ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন জয়া। হালকা গোলাপি স্যাটিনের পোশাক ও নরম সাজে তার উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের। খোলা চুলের ঢেউ আর স্বাভাবিক অভিব্যক্তি ফটোশুটে যোগ করেছে আলাদা মাত্রা।
পর্দার বাইরে নিজের মতো সময় কাটাতে পছন্দ করলেও সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝেমধ্যেই নতুন সাজে হাজির হন এই অভিনেত্রী। বয়সের হিসাব ছাপিয়ে তার ফ্যাশন-ভাবনা ও ব্যক্তিত্ব যে ভক্তদের আগ্রহ ধরে রেখেছে, নতুন ছবিগুলোতেও তার প্রতিফলন দেখা গেছে।
ছবিগুলো প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসছেন জয়া। সংগীতশিল্পী সুনিধি নায়েক মন্তব্য করেছেন, ‘প্রেমে পড়ে গেলাম তো।’ আরেক অনুরাগী লিখেছেন, ‘আপনি দিন দিন আরও সুন্দর হয়ে যাচ্ছেন।’
জয়ার নতুন এই ফটোশুট ঘিরে ভক্তদের উচ্ছ্বাস আবারও দেখিয়ে দিয়েছে, অভিনয়ের পাশাপাশি তার স্টাইল ও ব্যক্তিত্বও অনুরাগীদের কাছে সমান আকর্ষণীয়।