
আসন্ন ২০২৬ ফিফা বিশ্বকাপে আর খেলা হচ্ছে না ব্রাজিলের ডিফেন্ডার এদের মিলিতাওয়ের। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অস্ত্রোপচার করাতে হওয়ায় এই তারকার বিশ্বকাপ স্বপ্ন আপাতত থেমে গেল।
রিয়াল মাদ্রিদ মঙ্গলবার (২৮ এপ্রিল) এক বিবৃতিতে জানায়, মিলিতাও বাম পায়ের টেন্ডনের গুরুতর চোটে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন। ফিনল্যান্ডের বিশেষজ্ঞ সার্জনের তত্ত্বাবধানে এবং ক্লাবের মেডিকেল টিমের উপস্থিতিতে অপারেশনটি করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, অস্ত্রোপচারের পর আগামী কয়েকদিনের মধ্যেই তিনি পুনর্বাসন কার্যক্রম শুরু করবেন।
এর আগে আলাভেসের বিপক্ষে ম্যাচে প্রথমার্ধেই চোট পান এই ডিফেন্ডার। মাঠ ছাড়ার পর প্রাথমিকভাবে আশা করা হয়েছিল তিনি বিশ্বকাপের আগেই সেরে উঠবেন। তবে পরবর্তী পরীক্ষায় দেখা যায়, আগের ইনজুরির পুনরাবৃত্তি ঘটেছে এবং পরিস্থিতি আরও জটিল হয়েছে।
চিকিৎসকদের মতে, পুরোপুরি ফিট হতে মিলিতাওয়ের চার থেকে পাঁচ মাস সময় লাগতে পারে। ফলে জুনে শুরু হওয়া বিশ্বকাপে তার অংশগ্রহণ আর সম্ভব নয়।
মিলিতাও রিয়াল মাদ্রিদ এবং ব্রাজিল জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে বিবেচিত। তার অনুপস্থিতি দুই দলের প্রতিরক্ষা পরিকল্পনায় বড় ধরনের প্রভাব ফেলবে।