
জ্বালানি তেল পেতে বারবার হয়রানির মুখে পড়ে অভিনব পথ বেছে নিলেন এক যুবক—নিজের পরিচয়পত্রই ছাপিয়ে ফেললেন গেঞ্জিতে।সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জেলা প্রশাসনের দেওয়া জ্বালানি কার্ড গেঞ্জিতে মুদ্রণ করে ভিন্নধর্মী উদাহরণ সৃষ্টি করেছেন নূর মোহাম্মদ নামে এক তরুণ।
শুক্রবার (১০ এপ্রিল) তাকে উপজেলার জামতৈল বাজার এলাকায় মোটরসাইকেলে চলাচল করতে দেখা যায়, গায়ে ছিল সেই বিশেষ গেঞ্জি।
নূর মোহাম্মদ বড়পাকুরিয়া গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের ছেলে। তিনি জামতৈল বাজারে ‘সোনালী টেলিকম অ্যান্ড ইলেকট্রনিকস’ নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
ঘটনার শুরু ৫ এপ্রিল। ওইদিন তিনি সিরাজগঞ্জের কাজীপুর মোড় এলাকার একটি জ্বালানি পাম্পে তেল নিতে গেলে কর্তৃপক্ষ জানায়, কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। এমনকি মোবাইল ফোনে কার্ডের ছবি দেখালেও তা গ্রহণ করা হয়নি। এতে বিড়ম্বনায় পড়ে তিনি নতুন উপায় খোঁজেন।
পরদিন ৬ এপ্রিল তিনি নিজের গেঞ্জিতে জ্বালানি কার্ডের দুই পাশই মুদ্রণ করানোর সিদ্ধান্ত নেন, যাতে পাম্পে সহজেই তা প্রদর্শন করা যায়।
গেঞ্জির সামনে অংশে রয়েছে কার্ডের প্রথম দিক—যেখানে তার নাম, পরিচয় ও ছবি রয়েছে। আর পেছনের অংশে মুদ্রিত হয়েছে কখন কখন তেল পাওয়া যাবে এবং প্রয়োজনীয় নির্দেশনা।
নূর মোহাম্মদ বলেন, ‘কার্ড সাথে না থাকায় বারবার তেল পেতে যে ভোগান্তি পোহাতে হতো, তা এড়াতেই তিনি এই কৌশল বেছে নিয়েছেন।’
তিনি আরও বলেন, ‘যতদিন এই অবস্থা থাকবে, ততদিন আমি এই গেঞ্জি ব্যবহার করব।’