
ফেনীর ছাগলনাইয়ায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী দুই সহোদরের বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার নিজকুঞ্জরা গ্রামের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত পারভেজ ওই গ্রামের আবু তাহেরের ছেলে। অভিযুক্ত শাহাদাত ও মামুন একই এলাকার ছাদেক মিয়ার ছেলে।
নিহতের ছোট ভাই সাব্বির হাসান শীতল জানান, শুক্রবার পারভেজ তার দোকানে কাজের জন্য অভিযুক্তদের এক ছোট ভাইকে প্রস্তাব দেন এবং তাকে একটি মোবাইল ফোন দেন। এ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধের সৃষ্টি হয়। পরে রাতে মোবাইল ফোন দেওয়ার বিষয়টি নিয়ে পারভেজ ও মামুনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে পারভেজের হাতে থাকা চার্জলাইটের আঘাতে মামুন আহত হন বলে দাবি করেন তিনি।
নিহতের বাবা আবু তাহেরের অভিযোগ, ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর বিভিন্ন মামলায় পারভেজ ও মামুন একসময় ফেনী কারাগারে ছিলেন। কারাগার থেকে মুক্তির পর স্থানীয় একটি দোকানকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার গভীর রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে বাড়ির পাশের পুকুরসংলগ্ন এলাকায় ওত পেতে থাকা মামুন ও শাহাদাত ধারালো অস্ত্র দিয়ে পারভেজকে কুপিয়ে হত্যা করেন বলে অভিযোগ করেন তিনি।
শনিবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের রাস্তার পাশে পারভেজের মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।