
ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোট দিতে এবার লম্বা ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামে গেছেন বিপুল সংখ্যক ভোটার। কেউ আবার পরিবার-পরিজন নিয়েও গ্রামে গেছেন ভোট উৎসবে যোগ দিতে।
নির্বাচনের আগে লঞ্চ-বাস, ট্রেনে করে ঈদের মতো ছুটেছেন মানুষ। এবার ঢাকায় ফেরার পালা। তাই নিজ আসন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য নুরুল হক নুর ভোটারদের ঢাকায় ফিরতে বিনা ভাড়ায় লঞ্চের ব্যবস্থা করেছেন।
নিজের ফেসবুক পেজে দেয়া এক পোস্টে শনিবার (১৪ ফেব্রুয়ারি) তিনি একথা বলেছেন।
পোস্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের গলাচিপা-দশমিনার সম্মানিত ভোটারদের কর্মস্থলে ফেরার সুবিধার্থে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) এর নবনির্বাচিত সংসদ সদস্য নুরুল হক নুর এর পক্ষ থেকে দেয়া ফ্রী লঞ্চ সার্ভিসের রয়েল ক্রুজ-২ আজ বিকেল ৪টায় চরকাজল লঞ্চঘাট হতে চর শিবা, আউলিয়াপুর, দশমিনা, বাশবাড়িয়া চাঁদপুর হয়ে ঢাকা আসবে।
গত ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ‘ট্রাক’ প্রতীক নিয়ে ৯৬ হাজার ৭৬৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।