
বগুড়া শহরের জিলা স্কুলের প্রাচীরসংলগ্ন ড্রেন সংস্কারের জন্য খননকাজ চালানোর সময় ৩৩৪টি গুলি উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে এসব গুলি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে বগুড়া সিটি করপোরেশনের মাস্টার ড্রেন নির্মাণের জন্য শ্রমিকরা খননকাজ করছিলেন। একপর্যায়ে ড্রেনের দেয়ালের দক্ষিণ পাশে মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান এক শ্রমিক। পরে তিনি বিষয়টি অন্য শ্রমিকদের জানান এবং পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাটি খুঁড়ে মোট ৩৩৪টি গুলি উদ্ধার করে।
বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, শ্রমিকরা কাজ করার সময় মাটির ভেতর থেকে গুলির কার্তুজগুলো খুঁজে পান। সেখানে মোট ৩৩৪টি গুলি পাওয়া গেছে। এসব গুলি মুক্তিযুদ্ধের সময়ের, নাকি ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় থানার লুট হওয়া গুলি—তা পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তীতে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।