
জন্মসূত্রে মানুষ পরিবার ও আত্মীয়তার পরিমণ্ডলে বড় হয়ে ওঠে। কিন্তু জীবনের কোনো না কোনো পর্যায়ে এমন একজন মানুষের সঙ্গে পরিচয় হয়, যার সঙ্গে রক্তের কোনো সম্পর্ক নেই, তবু সুখ-দুঃখ, স্বপ্ন, ভয় কিংবা সবচেয়ে ব্যক্তিগত অনুভূতিগুলো নির্দ্বিধায় ভাগ করে নেওয়া যায়। সামাজিক নিয়ম বা পারিবারিক পরিচয়ের গণ্ডি ছাড়িয়ে গড়ে ওঠা এই অনন্য সম্পর্কের নাম বন্ধুত্ব। স্বাধীনতা, বিশ্বাস ও আন্তরিকতার ভিত্তিতে নির্মিত এই সম্পর্ককে মানবজীবনের সবচেয়ে গভীর বন্ধনগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়।
ইতিহাসজুড়ে বহু দার্শনিক, সাহিত্যিক ও চিন্তাবিদ বন্ধুত্বের গুরুত্ব তুলে ধরেছেন। প্রখ্যাত কথাসাহিত্যিক মারিও পুজো বন্ধুত্বকে প্রতিভার চেয়েও মূল্যবান এবং পরিবারের প্রায় সমমর্যাদার সম্পর্ক হিসেবে দেখেছেন। অন্যদিকে আলবার্ট আইনস্টাইনের মতে, সত্যিকারের ভালোবাসা যেমন বিরল, প্রকৃত বন্ধুত্ব তার চেয়েও দুর্লভ। রবার্ট লুইস স্টিভেনসন ও আলবেয়ার কামু বন্ধুত্বকে এমন এক সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করেছেন, যেখানে নেতৃত্ব বা শর্তের পরিবর্তে পাশাপাশি পথচলাই মুখ্য। এরিস্টটলের ভাষায়, একজন প্রকৃত বন্ধু হলো নিজেরই আরেকটি সত্তা।
সাহিত্য ও চলচ্চিত্রেও বন্ধুত্বের নানা রূপ বারবার উঠে এসেছে। ‘লর্ড অব দ্য রিংস’ সিনেমায় বন্ধুর জন্য আত্মত্যাগের অসাধারণ উদাহরণ যেমন দেখা যায়, তেমনি সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’-তে অপু ও দুর্গার শৈশবের নির্মল সখ্য কিংবা ‘গুপী গাইন বাঘা বাইন’ ও ‘হিরক রাজার দেশে’ অন্যায়ের বিরুদ্ধে একসঙ্গে দাঁড়ানোর গল্প বন্ধুত্বের শক্তিকে নতুন মাত্রা দিয়েছে। এই সম্পর্ক কেবল সমবয়সীদের মধ্যেই সীমাবদ্ধ নয়; মা-বাবা, ভাই-বোন কিংবা কর্মক্ষেত্রের সহকর্মীর সঙ্গেও বন্ধুত্বের আন্তরিক বন্ধন গড়ে উঠতে পারে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বন্ধুত্ব ও ভালোবাসার পার্থক্য ব্যাখ্যা করতে গিয়ে লিখেছেন, ভালোবাসা অনেক সময় আড়ম্বরপূর্ণ ও স্পর্শকাতর হলেও বন্ধুত্ব সহজ-সরল এবং সব পরিস্থিতিতেই টিকে থাকতে সক্ষম। ফরাসি দার্শনিক মিশেল দ্য মনটেইনও মনে করতেন, প্রকৃত বন্ধুত্বের পেছনে আলাদা কোনো কারণ খোঁজার প্রয়োজন নেই। দর্শনের আলোচনায়ও বলা হয়, বন্ধুত্বের সূচনা ব্যক্তিগত পছন্দ থেকে হলেও সময়ের সঙ্গে পারস্পরিক বিশ্বাস, ভালোবাসা ও আস্থাই এই সম্পর্ককে স্থায়ী করে তোলে।
সময়ের প্রবাহে জীবনে বহু মানুষ আসে, আবার অনেকেই হারিয়ে যায়। অনেক সম্পর্ক ধীরে ধীরে মলিন হয়ে পড়ে। কিন্তু প্রকৃত বন্ধুরা থেকে যায়—কখনও পাশে থেকে, কখনও দূরত্ব সত্ত্বেও, আবার কখনও স্মৃতির পাতায় অমলিন হয়ে। নিজের অনুভূতি প্রকাশের সাহস এবং পৃথিবীকে নতুনভাবে দেখার অনুপ্রেরণা দেয় এই বন্ধন। আগস্টের প্রথম রোববার পালিত বন্ধুত্ব দিবস কিংবা জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক দিবস—যে উপলক্ষই হোক, বন্ধুত্ব আসলে কোনো নির্দিষ্ট দিনের নয়; এটি জীবনের প্রতিটি দিনের, আজীবনের।