
আগামী তিন দিনে দেশের বিভিন্ন নদীতে পানি বৃদ্ধি হতে পারে, যার ফলে ৯ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এই সতর্কবার্তা প্রকাশ করে।
বার্তায় জানানো হয়েছে, রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি আগামী তিন দিনে বৃদ্ধি পেতে পারে। বিশেষ করে তিস্তা ও দুধকুমার নদী বিপৎসীমা অতিক্রম করতে পারে, ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া সুরমা, কুশিয়ারা ও সারিগোয়াইন নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে, যা সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত করতে পারে।
চট্টগ্রাম বিভাগের হালদা, সাঙ্গু, মাতামুহুরী, মুহুরী ও ফেনী নদীর পানি সমতলও বৃদ্ধি পেতে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদা নদী সতর্কসীমায় প্রবাহিত হতে পারে এবং ফেনী ও চট্টগ্রাম জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।