
বর্ষাকাল চললেও দেশের বিভিন্ন অঞ্চলে প্রত্যাশিত বৃষ্টিপাত না হওয়ায় বেড়েছে গরমের তীব্রতা। এর প্রভাবে শুক্রবার রাজশাহী, পাবনা, যশোর ও খুলনা জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবারও দেশের কয়েকটি এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে রোববার থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, ফলে তাপমাত্রা কিছুটা কমতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হলে তাকে মৃদু তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।
আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, শনিবারও দেশের বিভিন্ন স্থানে গরমের তীব্রতা বজায় থাকতে পারে। একই সঙ্গে বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোববার থেকে মৌসুমি বৃষ্টিপাত বাড়তে পারে, এতে তাপমাত্রা কিছুটা কমবে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে। শুক্রবার দেশের সর্বোচ্চ ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে।
চলতি মাসে স্বাভাবিক সময়ের প্রায় সাত দিন পর দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটে। এরপর বৃষ্টিপাত শুরু হলেও তা প্রত্যাশিত মাত্রায় হয়নি। ফলে বর্ষার মৌসুমেও দেশের বিভিন্ন অঞ্চলে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করছে।