
বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে ঢাকায় চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা। সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাব্য উচ্চপর্যায়ের সফরকে সামনে রেখে অনুষ্ঠিত এ বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
বুধবার (১০ জুন) বিকেলে রাজধানীর চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ-চীন সম্পর্কের বিভিন্ন দিক, ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।
বৈঠক শেষে অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য চীন সফরকে সামনে রেখে এ বৈঠক বিশেষ তাৎপর্য বহন করে। বাংলাদেশ ও চীনের সম্পর্ক দীর্ঘদিনের, গভীর এবং অত্যন্ত ঘনিষ্ঠ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সময়ের সঙ্গে আরও শক্তিশালী হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এই ধারাবাহিকতায় চীনের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক নেতাদের, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাদের বৈঠক আলাদা গুরুত্ব বহন করে। আসন্ন উচ্চপর্যায়ের সফর ও ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।’
এহসানুল হুদা আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ ও চীনের বিদ্যমান সম্পর্ক আগামী দিনে আরও সম্প্রসারিত হবে এবং দুই দেশের জনগণের কল্যাণে নতুন নতুন সহযোগিতার ক্ষেত্র উন্মোচিত হবে।