
বাংলাদেশকে নিজের ঘর বলে উল্লেখ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী সাবেক ফুটবলার রবার্তো কার্লোস। নেইমারের বন্ধু ও ব্রাজিলপ্রবাসী রবিন মিয়ার প্রকাশ করা এক ভিডিও বার্তায় এমন মন্তব্য করেন এই কিংবদন্তি ফুটবলার।
ব্রাজিলের ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার হিসেবে বিবেচিত রবার্তো কার্লোস ক্লাব ক্যারিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে। এক দশকেরও বেশি সময় দলটির হয়ে খেলার অভিজ্ঞতা থেকে তিনি ব্রাজিলের পর স্পেনের নাম উল্লেখ করেন। এরপরই বাংলাদেশের নাম উচ্চারণ করেন তিনি।
রবিন মিয়ার ভিডিওতে প্রথমে পর্তুগিজ ভাষায় কথা বলেন রবার্তো কার্লোস। পরে ইংরেজিতে তিনি বলেন, ‘বাংলাদেশ ইজ মাই হাউজ, ব্রাজিল-স্পেন-বাংলাদেশ।’
বাংলাদেশে ব্রাজিলের প্রতি ফুটবলপ্রেমীদের সমর্থন দীর্ঘদিনের। বিশেষ করে ২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থকদের উন্মাদনা আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।
এদিকে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের মিডফিল্ডার ব্রুনো গিমারায়েসও বাংলাদেশের সমর্থকদের প্রসঙ্গ তুলে ধরেছিলেন। এক সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশে আমাদেরকে সমর্থনের ভিডিও আমরা ফুটবলাররা নিজেদের মধ্যে দেখি।’