
ভারত সরকার বাংলাদেশের নাগরিকসহ তিন দেশের মানুষের জন্য নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। নতুন বিধান অনুযায়ী, ভারতীয় নাগরিকত্বের আবেদন করতে হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের আবেদনকারীদের নিজ দেশের পাসপোর্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জমা দিতে হবে।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২০০৯ সালের নাগরিকত্ব বিধি সংশোধন করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
নতুন নিয়ম অনুযায়ী, ভারতের নাগরিকত্ব পেতে আগ্রহী কোনো বাংলাদেশি, পাকিস্তানি বা আফগান নাগরিকের কাছে নিজ দেশের বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট থাকলে তার বিস্তারিত তথ্য আবেদনপত্রে উল্লেখ করতে হবে। এর মধ্যে পাসপোর্ট নম্বর, ইস্যুর তারিখ এবং মেয়াদের তথ্য অন্তর্ভুক্ত থাকবে।
এ ছাড়া আবেদনকারীকে লিখিত ঘোষণাপত্রে জানাতে হবে যে, ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ১৫ দিনের মধ্যে তার কাছে থাকা বৈধ বা মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ডাক বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র সুপার বা সুপারের কাছে জমা দেবেন।
কেন্দ্রীয় সরকার ২০০৯ সালের নাগরিকত্ব বিধির ১সি তফসিলের পর একটি নতুন অনুচ্ছেদ যুক্ত করেছে। এই তফসিলটি মূলত বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য প্রযোজ্য।
উল্লেখ্য, ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ চালু করে ভারত সরকার। ওই আইনের মাধ্যমে ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের আগে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে যাওয়া নথিপত্রহীন অমুসলিম অভিবাসীদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার সুযোগ সহজ করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব প্রক্রিয়ায় পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও ঘোষণাপত্র বাধ্যতামূলক করা হলো।