১৯৮৮ সালের অক্টোবরের এক সকালে জাহাজটির ক্যাপ্টেন ঘোষণা দেন, তাঁরা একটি দেশের উপকূলে এসব ছাই ফেলে দিয়েছেন। তবে দেশটির নাম তখন প্রকাশ করেননি তিনি। পরে জানা যায়, দেশটি ছিল হাইতি। এ ঘটনার পর বিশ্বজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। ঘটনাটির বিস্তারিত উঠে আসে বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের ১৯৮৯ সালের ২ জানুয়ারির সংখ্যায় প্রকাশিত ‘প্লানেট অব দ্য ইয়ার: ওয়েস্ট আ সিঙ্কিং মেস’ শীর্ষক প্রতিবেদনে।
বিশ্বব্যাপী প্রতিবাদের পরিপ্রেক্ষিতে ১৯৮৯ সালের ২২ মার্চ এক দেশ থেকে অন্য দেশে বর্জ্য পরিবহনে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে জাতিসংঘের উদ্যোগে তৈরি হয় ‘বাসেল কনভেনশন’। এর পূর্ণ নাম ‘বাসেল কনভেনশন অন দ্য কন্ট্রোল অব ট্রান্সবাউন্ডারি মুভমেন্ট অব হেজার্ডাস ওয়েস্ট অ্যান্ড ডিসপোজাল’। বাংলাদেশসহ বিশ্বের ১৭০টি দেশ এ কনভেনশনে অনুস্বাক্ষর করেছে।
বাংলাদেশ শিপব্রেকার্স অ্যান্ড শিপ রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহসিন বলেন, হংকং কনভেনশন অনুসরণ করে জাহাজভাঙা শিল্পকে নিরাপদ করার চেষ্টা চলছে। এ জন্য প্রতিটি ইয়ার্ডে ১৫০ থেকে ২০০ কোটি টাকা বিনিয়োগ করতে হচ্ছে।
মোহাম্মদ মহসিন বলেন, ‘হংকং কনভেনশন ও বাসেল কনভেনশন হলো এক রোগের দুই চিকিৎসক। আমরা চাই যেকোনো একজন চিকিৎসক এ রোগের চিকিৎসা করুক। সে ক্ষেত্রে আমরা হংকং কনভেনশন ফলো করতে সরকারকে অনুরোধ করেছি। কারণ, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও), আন্তর্জাতিক সমুদ্র সংস্থা (আইএমও) ও শিপিং লাইন ব্যবস্থাপনা যারা করে, সবাই হংকং কনভেনশনে যুক্ত আছে।’
তবে পরিবেশবিশেষজ্ঞদের মতে, হংকং কনভেনশনে জাহাজকে বর্জ্য হিসেবে বিবেচনা করা হয় না। এ কারণেই জাহাজভাঙা শিল্পের মালিকেরা হংকং কনভেনশনকে বেশি পছন্দ করেন।
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাহাজভাঙা শিল্পের আড়ালে উন্নত বিশ্বের বর্জ্য পাচার করার একটি কৌশল রয়েছে। বাসেল কনভেনশনের মাধ্যমে এ বিষয়টি প্রমাণ করার সুযোগ আছে। এ কারণেই জাহাজভাঙা শিল্পের মালিকেরা বাসেল কনভেনশনের আওতায় থাকতে চান না।
বাসেল কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি কিংবা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি। বরং যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞার মধ্যে পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-২ অনুযায়ী, মেয়াদোত্তীর্ণ জাহাজকে বিপজ্জনক বর্জ্য হিসেবে বিবেচনা করা হয়। উদাহরণ হিসেবে বলা যায়, কোনো একটি জাহাজ সমুদ্রে চলাচলের উপযোগী হলেও মালিক যদি সেটিকে আর বাণিজ্যিক পরিবহনে ব্যবহার না করে ভাঙার জন্য বাংলাদেশের কোনো ইয়ার্ডে বিক্রি করার সিদ্ধান্ত নেন, তাহলে ওই জাহাজ বাসেল কনভেনশনের আওতায় বর্জ্য হিসেবে বিবেচিত হবে।
তবে এ কনভেনশনে সব মেয়াদোত্তীর্ণ জাহাজ আমদানি কিংবা জাহাজভাঙা নিষিদ্ধ করা হয়নি। যেসব জাহাজ বর্জ্যের সংজ্ঞার মধ্যে পড়ে এবং বিপজ্জনক বর্জ্য বহন করে, কেবল সেগুলোর আন্তসীমান্ত চলাচলের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
বাসেল কনভেনশনের অনুচ্ছেদ-৬ অনুযায়ী, বিপজ্জনক বর্জ্য রপ্তানির আগে রপ্তানিকারক দেশকে আমদানিকারক দেশকে ওই বর্জ্য সম্পর্কে অবহিত করতে হবে। এরপর আমদানিকারক দেশের কাছ থেকে লিখিত সম্মতি নিতে হবে। পাশাপাশি বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণের বিষয়ে রপ্তানিকারক ও আমদানিকারক দেশের মধ্যে চুক্তি থাকতে হবে।
অন্যদিকে কনভেনশনের অনুচ্ছেদ-৮-এ বলা হয়েছে, চুক্তি অনুযায়ী বর্জ্য অপসারণ করা সম্ভব না হলে রপ্তানিকারক দেশকে সেই বর্জ্য ফিরিয়ে নিতে হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জাহাজভাঙা-সংক্রান্ত যত যা আছে, তার সব দেখে আইএমও। হংকং কনভেনশন হচ্ছে আইএমওর অধীনে। আমাদের গ্রিন ইয়ার্ডগুলোও হংকং কনভেনশনের আলোকে নির্মাণ করা।’
বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি গ্রিন ইয়ার্ডে বর্জ্য সংরক্ষণের জন্য বিশেষায়িত স্থান রয়েছে। কিছু বর্জ্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স নেওয়া ভেন্ডারদের কাছে বিক্রি করা হয়। এ ছাড়া মিরসরাইয়ে জাহাজভাঙার বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি টিএসডিএফ (ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটি) নির্মাণ করা হচ্ছে।
জাহাজভাঙা শিল্পে শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে দীর্ঘদিন ধরে কাজ করছে ব্রাসেলসভিত্তিক আন্তর্জাতিক সংগঠন ‘এনজিও শিপব্রেকিং প্ল্যাটফর্ম’। সংগঠনটির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ইনভিল্ড জেনসেন লিখিত প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশের বাসেল কনভেনশন মেনে চলা প্রয়োজন।
তিনি বলেন, বিষাক্ত বর্জ্য ফেলা বন্ধ করা এবং বিপজ্জনক পদার্থের কারণে পরিবেশ ও মানবস্বাস্থ্যের ক্ষতি থেকে সুরক্ষা নিশ্চিত করতে বৈশ্বিক এ কনভেনশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ যদি পরিত্যক্ত জাহাজকে বাসেল কনভেনশনের আওতার বাইরে নিয়ে আসে, তাহলে সামুদ্রিক বাস্তুতন্ত্র ও উপকূলীয় পরিবেশ আরও বেশি ক্ষতির মুখে পড়বে। একই সঙ্গে উপকূলীয় এলাকার বাসিন্দারাও ঝুঁকির মধ্যে পড়বেন।
জেনসেনের পরামর্শ, বাসেল ও হংকং—দুটি কনভেনশনই পাশাপাশি কার্যকর রাখা সম্ভব। বরং উভয় কনভেনশন একসঙ্গে কার্যকর থাকলে পরিবেশ ও শ্রমিকদের সুরক্ষা আরও শক্তিশালী হবে। কারণ, হংকং কনভেনশনে নিরাপদ ও পরিবেশসম্মত উপায়ে জাহাজভাঙার বিষয়ে যেসব বিধান রয়েছে, সেগুলো তুলনামূলক দুর্বল।