
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের একাধিক কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি দোকানপাটও ভাঙচুর ও লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার রাতে উপজেলার নিলফা বাজার, কুশলী বাজার ও বর্ণি বাজারে এসব ঘটনা ঘটে। একই সঙ্গে উপজেলা যুবদলের কার্যালয়েও ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির এক নেতা।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, “টুঙ্গিপাড়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।”
রাত সাড়ে ১১টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুক্তার হোসেন মোল্লা বলেন, উপজেলা যুবদল কার্যালয়, কুশলী ইউনিয়ন কার্যালয়, বর্ণি ইউনিয়ন বিএনপির কার্যালয়সহ বিএনপি নেতাকর্মীদের বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
তার অভিযোগ, বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এসব হামলা ও ভাঙচুর চালান।
এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, সন্ধ্যার পর এলাকায় কয়েকটি মিছিল বের হয়েছিল। তবে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে তারা কোনো অভিযোগ পাননি।
থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) কামরুল আহমেদও সন্ধ্যার পর কয়েকটি মিছিল বের হওয়ার কথা জানান। তিনি বলেন, “ভাঙচুর, হামলা, অগ্নিসংযোগের খবর শুনেছি।”
নিলফা বাজারের এক প্রত্যক্ষদর্শী জানান, রাতে একদল ব্যক্তিকে লাঠিসোঁটা হাতে মিছিল করতে দেখা যায়। একপর্যায়ে তারা বাজারের বিএনপি কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেন এবং আগুন ধরিয়ে দেন। মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের কর্মীদের দেখা গেছে বলেও জানান তিনি।
স্থানীয়দের ভাষ্য, বর্ণি ইউনিয়ন বিএনপি ও কুশলী ইউনিয়ন বিএনপির কার্যালয়েও ভাঙচুর চালানো হয়েছে। এসব ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, রাত পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যালয়ে যোগাযোগ করা হলে দায়িত্বরত কর্মকর্তা জানান, নিলফা বাজারে গোলযোগের ঘটনা ঘটেছে বলে তারা লোকমুখে শুনেছেন। তবে পুলিশের নিরাপত্তা না পাওয়ায় ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি। এ ছাড়া ঘটনাস্থল থেকে কেউ তাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য জানাননি।